রিম সাবরিনা জাহান সরকার
সে অর্থে একেবারেই লেখক নই। আসলে বিজ্ঞানের লোক। পড়াশোনা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি নিয়ে। তারপর চাকরির বাজারে নেমে শান্তির বেলুন ঠুস্ করে ফুটে গেল। সুবিধা করতে না পেরে একটা বৃত্তি জুটিয়ে জার্মান মুলুকে পাড়ি জমালাম। নতুন দেশ, বিচিত্র মানুষ-দুইয়ে মিলে ইলেকট্রিক শকের মতো উপর্যুপরি কালচার শক দিতে লাগল। তবুও ঠেলে ঠুলে বছর খানেকের মাথায় একটা ডিগ্রি বাগিয়ে ফেললাম। মহানন্দে সেটাকে বগলদাবা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলাম শিক্ষকের চাকরি নিয়ে।
তারপর নেহাৎ পারিবারিক কারণে পাততাড়ি গুটিয়ে আবার জার্মানি ফেরা। মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ক্যানসার নিয়ে গবেষণা চলল বছর খানেক। সেই পাট চুকিয়ে এখন মেডিক্যাল রাইটার হিসেবে কর্মরত আছি মিউনিখেরই একটি ক্লিনিক্যাল রিসার্চ সংস্থায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত শিক্ষক হিসেবে টুকটাক ছাত্র পড়াই- এই আর কী।
পাশাপাশি লেখালিখির সামান্য শখ আছে। কখনো ভ্রমণকাহিনি, কখনো বা সাদা-কালো ঘটনায় রং চড়িয়ে রম্য আঙ্গিকে গল্প। খেয়াল বশে পত্রিকার অফিসেও পাঠানো হয়। মাঝেমধ্যে তার কোনোটা প্রথম আলোর ‘হাল ফ্যাশন’ পাতায় ঠাঁই পায়।
তো এভাবেই কলমের সাথে সখ্যতা চলছে নানান কাজ আর অকাজের ফোঁকর গলে।
- Female
- 1

