মিজানুর খান

মিজানুর খান

মিজানুর খান পেশায় সাংবাদিক। মূলত ব্রডকাস্ট জার্নালিস্ট। তাঁর কাছে রেডিওটা টেলিভিশনের মতো। টিভিতে সবকিছু দেখানো হয় ছবির মাধ্যমে, কিন্তু রেডিওতে দেখাতে হয় কথা দিয়ে। মাইক্রোফোনের সামনে বসে, কথার পর কথা সাজিয়ে আঁকতে হয় দৃশ্যকল্প। সেই দৃশ্য ইথারে ভাসতে ভাসতে গিয়ে পৌঁছায় শ্রোতার কানে। তারপর সেই ছবি ভেসে ওঠে মনের পর্দায়। সিনেমার মতো।

এ থেকেই মনে হলো তিনি কথাগুলো লিখে ফেলতে পারেন। তারপর একসময় লিখে ফেললেন উপন্যাস ‘সোনার পরমতলা’। পাঠক মহলে আদৃত হলো। পেলেন কালি ও কলম সাহিত্য পুরস্কার। এর বহু বছর পর তিনি লিখলেন এই ভৌতিক থ্রিলার ‘সাদা জ্যাকেট’।

লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতায়। দেশের প্রথম সারির প্রিন্ট মিডিয়ায় এক দশক কাজ করার পর চলে যান ইউরোপে। কাজ করেছেন জার্মান রেডিও ডয়েচে ভেলেতে। এরপর দুই দশক ধরে তিনি বিবিসির সাংবাদিক। মিজানুর রহমান খান নামে পরিচিত। সপরিবারে বাস করেন লন্ডনে।

  • Male
  • 1