বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংকিং-এর তাত্ত্বিক মুরব্বি হিসেবে যাদের গণ্য করা হয়—আল্লামা তাক্বী ওসমানী তাদের অন্যতম। আধুনিক ও প্রাচীন ফিকহুল মু‘আমালাতকে প্রচলিত ব্যাংকিং-এর সাথে সমন্বয় করে ইসলামী ব্যাংকিং-এর যে রূপরেখা তিনি দিয়েছেন তা নিঃসন্দেহে ঐতিহাসিক ও যুগান্তকারী। ইসলামী ব্যাংকিং সম্পর্কিত তাঁর লেখাগুলো অধ্যয়ন করলেই ফিকহুল মু‘আমালাতে তাঁর অসাধারণ প্রতিভার প্রমাণ পাওয়া যায়। ইসলামী বাণিজ্য আইনের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের সদস্য হিসেবে লব্ধ ও বাস্তব অভিজ্ঞতা বর্তমান অবস্থানে পৌঁছাতে তাঁকে যথেষ্ট সাহায্য করেছে।
বহুমুখী প্রতিভার অধিকারী তাক্বী ওসমানীর ইসলামের বিভিন্ন বিষয়ে লিখিত বহু প্রকাশনার মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের ওপর লিখিত “An Introduction to Islamic Finance” বইটি নিঃসন্দেহে একটি অতীব গুরুত্বপূর্ণ প্রকাশনা। ইসলামী অর্থায়নের নীতিমালা গভীরভাবে অধ্যয়নের সুযোগ যাদের নেই— তাদের জন্য এ বইটি হতে পারে এক অনন্য সাধারণ গাইড বই।
আমার জানামতে ইংরেজি ভাষায় রচিত এ বইটি ইতোমধ্যেই উর্দু ভাষায় তরজমা করা হয়েছে এবং উক্ত তরজমাকৃত বই থেকে ইতোমধ্যে তা বাংলা ভাষাতেও অনূদিত হয়েছে। অনুবাদ কখনো মূল বইয়ের স্বাদ মেটাতে পারে না। আর যদি তা হয় অনুবাদের অনুবাদ তাহলে তা আরো পারে না। বাজারে প্রচলিত বাংলা ভাষার অনুবাদটি হয়েছে উর্দু থেকে; মূল ইংরেজি থেকে নয়। ইসলামী ব্যাংকিংয়ের একজন নগণ্য ছাত্র হিসেবে আমার মনে হয়েছে ইংরেজি ভাষায় রচিত বইটি থেকে সরাসরি অনুবাদ করা হলে তা আরো যথার্থ হতো। সেই উপলব্ধি থেকেই ইংরেজি ভাষার মূল বইটি বাংলায় অনুবাদের এ প্রয়াস। প্রয়াস কতটুকু সফল হয়েছে তা বিশ্লেষণের দায়িত্ব সম্মানিত পাঠকবৃন্দের।
এমন মৌলিক একটি বইয়ের অনুবাদ করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে যে জ্ঞান এবং পরিপক্বতা থাকা প্রয়োজন তার কোনটিই আমার নেই। অতএব, অনুবাদের হক আদায় হয়েছে— এমনটি দাবি করার কোনো সুযোগ নেই। তবে এতটুকু সম্ভবত বলা যায় যে, অনুবাদ নিখুঁত করার ক্ষেত্রে আমার চেষ্টা ও সাধ্যের কোনো ত্রুটি আমি করিনি। তবে জ্ঞানের সীমাবদ্ধতা এবং সংশ্লিষ্ট বিষয়ে অপরিপক্বতার কারণে অনুবাদ কর্মে ত্রুটিবিচ্যুতি থাকাটা খুবই স্বাভাবিক। অনিচ্ছাকৃত সেসব ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তা‘আলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত পাঠকবৃন্দের কাছে বিনীত অনুরোধ, যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হলে সে সম্পর্কে এই নগণ্য বান্দাকে দয়া করে অবহিত করুন। আপনাদের সংশোধনী কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
পরিশেষে রাব্বুল ‘আলামীনের কাছে বিনীত আরজ, তিনি যেন এ ক্ষুদ্র প্রয়াস কবুল করেন এবং আখিরাতে নেকির পাল্লায় তা অন্তর্ভুক্ত করেন।






Reviews
There are no reviews yet.